নিজস্ব প্রতিবেদক: সাত বছর ধরে দর্শকদের বিভিন্ন ধর্মীয় প্রশ্নের শরয়ী সমাধান দিয়ে আসা জনপ্রিয় ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহর সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’ বন্ধ হতে যাচ্ছে। আগামী শুক্রবার ৩১৩তম পর্ব প্রচারের মধ্য দিয়ে অনুষ্ঠানটির নিয়মিত আয়োজনের সমাপ্তি ঘটবে।
বুধবার (১৯ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, আল্লাহর অশেষ রহমত এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই দীর্ঘ সাত বছর ধরে সাপ্তাহিক অনুষ্ঠানটি চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
অনুষ্ঠান বন্ধের কারণ হিসেবে নিজের ব্যস্ততা এবং ধর্মীয় বিভিন্ন মাসআলা জানার জন্য বিকল্প ব্যবস্থা চালু হওয়ার কথা উল্লেখ করেন তিনি। শায়খ আহমাদুল্লাহ জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশন ইতোমধ্যে একটি কল সেন্টার চালু করেছে। সেখানে বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বিজ্ঞ মুফতিগণ ফোনের মাধ্যমে মানুষের বিভিন্ন ধর্মীয় প্রশ্নের উত্তর দিচ্ছেন। পাশাপাশি ফাউন্ডেশনের কার্যালয়ে সরাসরি গিয়েও মাসআলা জানার সুযোগ রয়েছে।
তবে ‘শরয়ী সমাধান’ লাইভ অনুষ্ঠানটি বন্ধ হলেও শুক্রবারের নির্ধারিত সময়ে দাওয়াতি কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন তিনি।
তিনি জানান, আগামী ২৮ আগস্ট থেকে প্রতি শুক্রবার রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিভিন্ন অবহেলিত সুন্নাহ নিয়ে ধারাবাহিক আলোচনা করার পরিকল্পনা রয়েছে। এরপর ‘দারসুল কুরআন’ নামে কুরআনের তাফসিরবিষয়ক একটি বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
দীর্ঘ সাত বছর ধরে ‘শরয়ী সমাধান’ অনুষ্ঠানকে প্রাণবন্ত রাখায় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। ভবিষ্যতের অনুষ্ঠানগুলোতেও দর্শকরা দোয়া, ভালোবাসা ও অংশগ্রহণের মাধ্যমে পাশে থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
