ডেস্ক রিপোর্ট: দেশে গণিত চর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (ইজিএমও) বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে পদকজয়ী শিক্ষার্থীরা গণিত অলিম্পিয়াডে তাদের অংশগ্রহণ, অভিজ্ঞতা ও অর্জনের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য শুভকামনা জানান।
এ সময় বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম সম্প্রসারণে সহযোগিতা চাওয়া হলে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে তহবিল গঠনের প্রস্তাব করা হলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থায়নে তাৎক্ষণিক সম্মতি দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি স্কুল পর্যায়ে অ্যাকটিভিটি ওরিয়েন্টেড ম্যাথমেটিকস চালুর প্রস্তাবেও তিনি সম্মতি জানান।
এ ছাড়া স্কুল শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ে আইইএলটিএসের আদলে পৃথক গণিত দক্ষতা যাচাই পরীক্ষা চালুর প্রস্তাব দেওয়া হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
সূত্র: বাসস
