ডেস্ক রিপোর্ট: চীনের চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওভারহেড লাগেজ কম্পার্টমেন্টে রাখা একটি পাওয়ার ব্যাংক থেকে আগুনের ঘটনা ঘটেছে। তবে কেবিন ক্রু দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো যাত্রী আহত হননি।
সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, গত ২৪ জুলাই লানঝু থেকে আসা চায়না ইস্টার্নের এমইউ২৪২১ ফ্লাইটটি গুইঝৌ প্রদেশের গুইইয়াং লংডংবাও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর টার্মিনালের দিকে ট্যাক্সি করার সময় এক যাত্রীর হ্যান্ড লাগেজে থাকা পাওয়ার ব্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়। বিমানটি ছিল এয়ারবাস এ৩২০ মডেলের।
অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি। তবে বিমানের কেবিনে ধোঁয়াজনিত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওভারহেড লাগেজ কম্পার্টমেন্ট থেকে ধোঁয়া বের হচ্ছে। এ সময় ফ্লাইট অ্যাটেনডেন্ট ও অন্যান্য ক্রু সদস্য দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে বিমানবন্দরের দমকল কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান।
চায়না ইস্টার্নের নীতিমালা অনুযায়ী, যাত্রীরা কেবিন ব্যাগে পাওয়ার ব্যাংক বহন করতে পারলেও তা ওভারহেড কম্পার্টমেন্টে রাখা নিষিদ্ধ। এছাড়া ফ্লাইট চলাকালে পাওয়ার ব্যাংক দিয়ে ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়ারও অনুমতি নেই।
