ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সংস্থাটি জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পর্যটনকেন্দ্র ফিওর্ডল্যান্ডের প্রবেশদ্বার তে আনাউ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ও জার্মান ভূবিজ্ঞান গবেষণাকেন্দ্র (জিএফজেড) ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ বলে জানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটারের বেশি গভীরে।
ভূমিকম্পে সাউথ আইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য সুনামির ঝুঁকি বিবেচনায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
