ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের গুঞ্জন উঠেছে। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক পরিবহন ও কৃষিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন মুখ আসতে পারে বলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা চলছে। পাশাপাশি মন্ত্রিসভার আকার বাড়ানোর বিষয়েও জোরালো আলোচনা রয়েছে।
সূত্রগুলো বলছে, চলমান বিভিন্ন ইস্যু ও প্রশাসনিক কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে কয়েকজন মন্ত্রীর দপ্তরে পরিবর্তন আনা হতে পারে। শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এছাড়া কয়েকজন অভিজ্ঞ রাজনীতিক, টেকনোক্র্যাট এবং জোটের শরিক দলের নেতাদেরও মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে।
তবে মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা।
