ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও শত্রুতার অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে বাহিনীটির দাবি, নিজেদের ব্যর্থতা ও অক্ষমতা আড়াল করতেই ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের আরোপ করা অবরোধ অমান্য করে কোনো জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করেনি। পাশাপাশি কোনো জাহাজ যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে চলাচলের উদ্যোগও নেয়নি।
আইআরজিসির দাবি, এ কারণে ওই অভিযানে কোনো জাহাজে হামলার ঘটনাও ঘটেনি। বাহিনীটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এ জলপথে চলাচল বাধাগ্রস্ত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
