ডেস্ক রিপোর্ট: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই লেকে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ২০৬ মেগাওয়াটে পৌঁছেছে। এটি চলতি বছরের সর্বোচ্চ উৎপাদন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০০ দশমিক ৬০ ফুট মিন সি লেভেলে পৌঁছেছে, যা আগের দিন ছিল ৯৯ দশমিক ১৫ ফুট। পানির স্তর বাড়ার সঙ্গে সঙ্গে পাঁচটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, ১, ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট এবং ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পাঁচটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।
কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন পানি সংকটের কারণে কেন্দ্রটির পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে লেকে পানি বাড়ায় উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে কাপ্তাই লেকের পানির স্তর আরও বাড়বে এবং বিদ্যুৎ উৎপাদনও আরও বৃদ্ধি পেতে পারে। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণভাবে লেকের পানির ওপর নির্ভরশীল।
