ডেস্ক রিপোর্ট: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি উপস্থিত থাকলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা হারে কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তাঁর দাবি, সামাজিক অনুষ্ঠানে অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
শাহাদাত হোসেন বলেন, বর্তমানে বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমক, নাচ-গান এবং খাদ্যের অপচয়ের মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। তাঁর মতে, এ ধরনের অপচয় নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
তিনি বলেন, অতীতে ১০০ জনের বেশি অতিথি হলে কর আরোপের একটি আইন ছিল। সেই ব্যবস্থা পুনরায় চালু করে ১০০ জনের অতিরিক্ত প্রতি অতিথির জন্য এক হাজার টাকা কর নির্ধারণের প্রস্তাব করেন তিনি।
এ সময় তিনি দাবি করেন, সামাজিক অনুষ্ঠানের অপচয় কমানো সম্ভব হলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদার ওপর চাপ কমবে এবং এর ফলে পণ্যের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।
