ডেস্ক রিপোর্ট: নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় দেশব্যাপী সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে, দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে প্রকাশ্যে কর্মসূচি পালনের চেষ্টা করতে পারেন, যা নিয়ে অন্যান্য রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংঘাতের আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও সংশ্লিষ্ট ইউনিটকে কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
পুলিশের মতে, আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হয়ে পতাকা উত্তোলন, ব্যানারসহ মিছিল কিংবা অন্যান্য কর্মসূচি পালনের চেষ্টা করতে পারেন। এ ধরনের উদ্যোগকে কেন্দ্র করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও প্রচারপত্র বিতরণের মাধ্যমে উত্তেজনা সৃষ্টির অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে। সর্বশেষ রাজধানীর মহাখালী এলাকায় একটি ঝটিকা মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সম্ভাব্য নাশকতা বা সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
