ডেস্ক রিপোর্ট: তীব্র গরমের মধ্যে আবারও লোডশেডিংয়ে রাজশাহী, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুতের দীর্ঘস্থায়ী ঘাটতির কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জেলার বাসিন্দাদের অভিযোগ, দিনে কিছু সময় বিদ্যুৎ থাকলেও পরবর্তী এক থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ফ্যান, পানির মোটর ও মোবাইল চার্জিংসহ দৈনন্দিন নানা কাজে সমস্যা দেখা দিচ্ছে। প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন।
দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের কারণে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষার্থী ও কৃষকেরা বিদ্যুৎ সংকটের কারণে আর্থিক ও শিক্ষাগত ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন।
এদিকে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু গত সংসদ অধিবেশনে জানিয়েছেন, লোডশেডিং একটি সাময়িক সমস্যা এবং বিদ্যমান উৎপাদন সক্ষমতা ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
সরকার আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানালেও বর্তমান সংকটে ভোগা সাধারণ মানুষ দ্রুত ও কার্যকর সমাধান প্রত্যাশা করছেন। জেলার ক্ষুদ্র ব্যবসায়ী ও শিক্ষার্থীরা বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
