ডেক্স রিপোর্ট : ইসরায়েলের বিরুদ্ধে চলমান হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। তবে দক্ষিণ লেবাননসহ অন্যান্য অঞ্চলে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকলে আরও কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।
সোমবার (৮ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলকে ‘বেদনাদায়ক জবাব’ দেওয়া হয়েছে। ইরান দাবি করেছে, তাদের সাম্প্রতিক পদক্ষেপ দখলদার বাহিনীর জন্য একটি শক্ত বার্তা হিসেবে কাজ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, যদি আগ্রাসন ও শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি অভিযান চলতে থাকে, তাহলে ভবিষ্যতে আগের চেয়েও কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়া হবে।
তবে ইরানের এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিচ্ছে না ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী কার্যালয় থেকে মন্ত্রীদের কাছে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, তেহরানের কোনো ‘নতুন সমীকরণ’ ইসরায়েল মেনে নেবে না। একই সঙ্গে লেবাননজুড়ে হিজবুল্লাহর হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তেল আবিব।
উল্লেখ্য, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জবাবে সম্প্রতি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে ইরানের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায় ইসরায়েল। উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট উভয় পক্ষকে সংঘাত বন্ধ করে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
