নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এক ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই ছাত্রদল নেতার নাম হাসিবুল ইসলাম হাসিব। হাসিব বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত ছাত্রদল নেতা হাসিব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী ও প্রক্টরসূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার বান্ধবীকে নিয়ে চারুকলা এলাকায় বসে ছিলেন। এ সময় সেখানে দায়িত্বরত এক প্রহরী তাদের সেখান থেকে সরে যেতে বলেন। এ নিয়ে শিক্ষার্থীর সঙ্গে প্রহরীর বাকবিতণ্ডা হয়। পরে ওই শিক্ষার্থীরা ধারণা করেন, প্রহরী নিজ উদ্যোগে নয়, কারও নির্দেশে তাদের হয়রানি করেছেন এবং এ ধরনের ঘটনার সঙ্গে চাঁদাবাজির বিষয়ও জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ করেন। এর আগেও কিছু ছাত্রের বিরুদ্ধে ছেলে-মেয়েদের লক্ষ্য করে হয়রানির মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনাটি সোমবার ই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছিল। তবে মঙ্গলবার ওই ঘটনার প্রেক্ষিতে ছাত্রদল নেতা হাসিবের নেতৃত্বে বহিরাগত নিয়ে এসে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে।
