ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা এগিয়ে নিতে ইরানের একটি প্রতিনিধিদল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে। তবে আলোচনা শুরুর আগে দুটি শর্তে অনড় অবস্থান নিয়েছে তেহরান—লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা।
বার্তা সংস্থা এএফপি জানায়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই আলোচনা এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির পর স্থায়ী সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদে যাচ্ছেন। তার সঙ্গে আলোচনায় অংশ নেবেন জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ।
ইসলামাবাদে যাওয়ার পথে ভ্যান্স ইরানকে সতর্ক করে বলেন, আন্তরিকতা থাকলে যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত। তবে কৌশলী আচরণ করলে ইতিবাচক সাড়া দেওয়া হবে না।
অন্যদিকে, ইরানি প্রতিনিধিদলের প্রধান ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের কথা তুলে ধরেছেন। পাকিস্তানে পৌঁছে তিনি বলেন, অতীত অভিজ্ঞতায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাই সতর্ক অবস্থান নিয়েই তারা আলোচনায় অংশ নিচ্ছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই এই আলোচনায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার।
লেবানন ইস্যুতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইসরায়েল জানিয়েছে, তারা লেবানন সরকারের সঙ্গে আলোচনা করলেও হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধবিরতির বিষয়ে কথা বলবে না। এদিকে সাম্প্রতিক সংঘাতে লেবাননে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। দেশটির কর্তৃপক্ষের তথ্যমতে, কয়েক সপ্তাহে প্রায় ১,৯৫০ জন নিহত হয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই আলোচনাকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, অস্থায়ী যুদ্ধবিরতির পর এখন সবচেয়ে বড় কাজ হলো স্থায়ী সমাধানে পৌঁছানো।
বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় এই রুট সচল রাখা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগিরই এই গুরুত্বপূর্ণ জলপথ আবার চালু করা হবে।
বিশ্লেষকদের মতে, পারমাণবিক ইস্যু, লেবাননের পরিস্থিতি এবং আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান—সব মিলিয়ে ইসলামাবাদের এই আলোচনা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
