ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম জেলার হাটহাজারীতে হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ও মা মাছের নিরাপদ পরিবেশ রক্ষায় অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে ১১টি অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ এলাকা হালদা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মো. শওকত আলী, খবর বাসস।
হালদা নদীর মাছুয়াগোনা থেকে ছিপাতলী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়।
অভিযান চলাকালে পুরালি স্লুইচগেট সংলগ্ন হালদা নদী থেকে দু’টি, আইডিএফ হ্যাচারির পাশ থেকে একটি, চেংখালি স্লুইচগেট সংলগ্ন এলাকা থেকে একটি, মেখল থেকে তিনটি, মোজাফফরপুর এলাকা থেকে একটি এবং ছিপাতলী এলাকা থেকে তিনটি চরঘেরা জাল উদ্ধার করা হয়।
অভিযানে হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, হোসাইন, সেকান্দার, তানভীর ও আলাউদ্দিন অংশগ্রহণ করেন।
হাটহাজারী উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী বলেন, জব্দকৃত জালগুলোর মোট আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৮ হাজার ৮০০ মিটার এবং বাজারমূল্য প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা।
তিনি বলেন, হালদা নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা, মা মাছের অবৈধ শিকার প্রতিরোধ এবং ধ্বংসাত্মক জালের ব্যবহার বন্ধে মৎস্য অধিঘদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
