ডেস্ক রিপোর্ট: সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত দয়াল বাহিনীর এক সদস্য ডাকাত দলের জন্য রসদ সরবরাহ করতে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে খুলনার দাকোপ থানাধীন শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে সুন্দরবনের কুখ্যাত দয়াল বাহিনীর অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহকারী আব্দুল হালিম (৩৬) কে আটক করা হয়, খবর বাসস।
পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে আজ দুপুর ১টার দিকে দাকোপ থানাধীন টাকাতোলা খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
আটক আব্দুল হালিম সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে জড়িত থেকে ডাকাতি কর্মকাণ্ডে অংশ নেওয়া ছাড়াও অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে ডাকাত দলকে সহায়তা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
জব্দকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং দস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
