শাহ মখদুমের মাজার জিয়ারত শেষে রাজশাহীর সমাবেশ মঞ্চে তারেক রহমান
ডেস্ক রিপোর্ট: হজরত শাহ মখদুম (রহ.) এর মাজার জিয়ারত করার মধ্য দিয়ে রাজশাহী সফর শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভার মঞ্চে পৌঁছান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিমানযোগে পদ্মাপাড়ের বিভাগীয় শহর রাজশাহীতে পৌঁছান তিনি। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবায়দা রহমান। বিমানবন্দর থেকে নেমে নগরীর দরগাপাড়ায় অবস্থিত হজরত শাহ মখদুম (রহ.) এর মাজার জিয়ারত করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এরপর তিনি সমাবেশস্থল মাদরাসা মাঠে যান। জনসভা ঘিরে ভোর থেকেই বিএনপির নেতাকর্মীরা মাঠে জড়ো হতে শুরু করেন। নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা।
দলীয় সূত্র জানায়, এই জনসভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার মোট ১৩ জন সংসদ সদস্য প্রার্থীকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান।
রাজশাহীর সমাবেশ শেষে তারেক রহমান নওগাঁয় এটিএম মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। পরে সড়কপথে বগুড়ায় গিয়ে আলতাফুন্নেসা খেলার মাঠে সমাবেশে যোগ দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ করবেন।
পরদিন শুক্রবার রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত ও সমাবেশে অংশ নেবেন তিনি। শনিবার বগুড়া থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সমাবেশ করে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
