মিরপুরে মাল্টিমিডিয়া বাসে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত আমির
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১০ এলাকায় অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভ্রাম্যমাণ নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
উদ্বোধন শেষে তিনি বলেন, দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ, আগামী ১২ তারিখ দেশের দায়িত্ব তাদের হাতেই ন্যস্ত হবে। জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াত চায় দেশের মানুষের বিজয়। তার ভাষায়, জামায়াত বিজয়ী হলে ১৮ কোটি মানুষই বিজয়ী হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে। জনগণের প্রতি আস্থা না থাকায় বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি ঢাকা-১৫ আসনের ভোটারদের উদ্দেশে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’-তে ভোট দেওয়ার আহ্বান জানান।
মাল্টিমিডিয়া বাসের মাধ্যমে ডিজিটাল উপায়ে নির্বাচনী বার্তা ও প্রচারণা কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও দলীয় সূত্রে জানা গেছে।
