ডেস্ক রিপোর্ট: বেনিনের একদল সেনা রাষ্ট্রীয় টেলিভিশনে গিয়ে ক্ষমতা দখলের দাবি জানানোর পর বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী তা প্রত্যাখ্যান করে বলেছেন, সশস্ত্র বাহিনী পশ্চিম আফ্রিকার দেশটিতে একটি অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
এই অভ্যুত্থানচেষ্টাকে ওই অঞ্চলের গণতান্ত্রিক চর্চায় সর্বশেষ হুমকি মনে করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বেনিনের প্রতিবেশী দেশ নাইজার, বুরকিনা ফাসো, মালি, গিনি এমনকী গত মাসে গিনি-বিসাউয়ের ক্ষমতাও সামরিক বাহিনীর হাতে গেছে।
এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে গিয়ে অন্তত ৮ সেনা বলেন, কর্নেল টাইগ্রি প্যাসকেলের নেতৃত্বে সামরিক কমিটি ক্ষমতা দখল করে নিয়েছে এবং তারা সকল সরকারি প্রতিষ্ঠান, সংবিধান বিলুপ্ত ঘোষণা করেছে। বিমান, স্থল ও সমুদ্রসীমা বন্ধ করে দেওয়া হয়েছে।
সেনাদের কারও কারও মাথায় হেলমেট ছিল।
“সেনাবাহিনী আন্তরিকভাবে বেনিনের জনতাকে সত্যিকারের নতুন যুগের আশা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, যেখানে ভ্রাতৃত্ব, ন্যায়বিচার ও কঠোর পরিশ্রমের জয় হবে,” বিবৃতিতে বলেন এক সেনা।
পরে রোববার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আলেসানে সেইদু বলেন, তার দেশের সশস্ত্র বাহিনী ওই অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
তার কিছুক্ষণ আগে পররাষ্ট্রমন্ত্রী ওলুশেগুন আদজাদি বাকারি রয়টার্সকে বলেছিলেন, ‘ক্ষুদ্র একটি দল’ সরকারকে উৎখাত করার চেষ্টা করেছিল, কিন্তু প্রেসিডেন্ট প্যাট্রিস টালোনের প্রতি অনুগত বাহিনী শৃঙ্খলা পুনঃস্থাপনে কাজ করছে।
