নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা অধ্যাপক আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিভাগীয় কার্যক্রম থেকে বরখাস্ত দুই সহকারী অধ্যাপক হলেন সাজু সরদার এবং তানজিল ভূঞা। বিশ্ববিদ্যালয় জানায়, বিভাগে উদ্ভূত পরিস্থিতি এবং শিক্ষার্থীদের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রথম সভায় দেওয়া সুপারিশের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই শিক্ষককে অ্যাকাডেমিকসহ বিভাগীয় সব কাজে অংশগ্রহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর আগে গত ১৭ দিন ধরে সহকারী অধ্যাপক তানজিল ভূঞার পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন বিভাগটির শিক্ষার্থীরা। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ রোববারের (২৩ নভেম্বর) মধ্যেই বিষয়টি সমাধানের আল্টিমেটাম দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত কমিটি প্রাপ্ত অভিযোগগুলো যাচাই করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Find us on Facebook
