ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে আরও ৩১৮ জনকে হত্যা করেছে ইসরায়েল। গত ১০ অক্টোবর সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় দখলদার ইসরায়েল। তবে বারবার চুক্তি ভঙ্গ করে গাজার সাধারণ মানুষের ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (২২ নভেম্বর) জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজার হাসপাতালে আরও সাতটি মরদেহ আনা হয়। এতে করে মোট নিহতের সংখ্যা ৩১৮ জনে পৌঁছায়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুইদিনে ইসরায়েলি হামলায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। এতে করে যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত আহতের সংখ্যা ৭৮৮ জনে পৌঁছেছে।
আহত ও নিহতের সংখ্যা আরও বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। দখলদারদের হামলার কারণে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি।
