নিজস্ব প্রতিবেদক: সোনিয়া সুলতানা নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। আত্মহত্যার পূর্বে তিনি একটি চিরকুটে লিখেছেন ‘আমি খুব করে বাচঁতে চেয়েছি বিশ্বাস করো তোমরা’
বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মির্জাপুর এলাকার ইসলাম টাওয়ার নামক একটি আবাসিক ভবনের ৭তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালিক।
আব্দুল মালিক (ওসি) জানান, এসময় সোনিয়া সুলতানার কক্ষ থেকে দুটি চিরকুট পাওয়া গেছে। একটি চিরকুটে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার যেন পোস্টমর্টেম করা না হয়। আব্বু-আম্মু ধ্রুবতাঁরা আমি খুব ভালোবাসি। আমাকে ক্ষমা করে দিও। আল্লাহকে বলো আমাকে মাফ করে দিতে।’
অপর চিরকুটে লেখা ছিল, ‘আমি খুব করে বাঁচতে চেয়েছি বিশ্বাস করো তোমরা। কিন্তু নিজের সাথে যুদ্ধ করে আর পেরে উঠলাম না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আমাকে..’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। তবে মৃত্যুর কোনো সঠিক কারণ আমরা এখনো জানতে পারিনি। এছাড়া পুলিশও আমাদের কোনো কিছু জানাতে পারেনি। হয়তো পরবর্তীতে আমরা জানতে পারবো।
আব্দুল মালিক (ওসি) বলেন, ওড়না গলায় পেঁচানো অবস্থায় ছিল। এই ঘটনায় এরইমধ্যে একটি মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
