ডেস্ক রিপোর্ট:দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ৫০৪ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে।
কোম্পানিটির প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় এই মুনাফা ১৩১ শতাংশ বেশি। জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে ব্র্যাক ব্যাংকের সহযোগী এই প্রতিষ্ঠানটির মোট আয় ৩৩ শতাংশ বেড়ে ৪,৮৩৮ কোটি টাকায় দাঁড়িয়েছে।
বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিকাশের আয় ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৬৩২ কোটি টাকা হয়েছে, আর নিট মুনাফা ৮০ শতাংশ বেড়ে ১৯৭ কোটি টাকায় পৌঁছেছে।
বর্তমানে বিকাশে ব্র্যাক ব্যাংকের ৫১ শতাংশ শেয়ার রয়েছে। অন্যান্য প্রধান শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছে মানি ইন মোশন এলএলসি (১৬.৪৫%), আলিপে সিঙ্গাপুর ই-কমার্স (১৪.৮৭%), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (১০.৩৬%) এবং এসভিএফ ২ বিম (ডিই) এলএলসি (৭.৩২%)।
বিকাশ দেশের মোবাইল আর্থিক খাতে এখনো সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান হিসেবে অবস্থান করছে।
