ডেস্ক রিপোর্ট: দেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম (BSRM) বাংলাদেশে অত্যাধুনিক বোল্ট ও নাট উৎপাদন কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছে। কোম্পানির এক অফিশিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, এই নতুন উদ্যোগের মাধ্যমে বিএসআরএম দেশের ইন্ডাস্ট্রিয়াল ফাস্টেনার ও ওয়্যার-জাতীয় পণ্যের বাজারে নতুন দিগন্ত উন্মোচন করবে।
সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি একটি বৃহৎ ‘ওয়্যার রড পিকলিং স্টেশন’ স্থাপন এবং ওয়্যার বিভাগের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনাও করেছে। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিল — দুই প্রতিষ্ঠানই বিএসআরএম ওয়্যারস লিমিটেডে প্রত্যেকে ২০০ কোটি টাকা করে মোট ৪০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
নতুন এই কারখানায় উচ্চ মানের ওয়্যার-জাতীয় পণ্য যেমন লো রিলাক্সেশন প্রিস্ট্রেসড কংক্রিট (LRPC) ওয়্যার, ওয়েল্ডিং ইলেকট্রোড, ACSR কোর ওয়্যার, চেইন-লিঙ্ক ফেন্সসহ নানা ধরনের ফাস্টেনার উৎপাদন করা হবে।
বিএসআরএম জানিয়েছে, এই কৌশলগত বিনিয়োগের মাধ্যমে শুধু শেয়ারহোল্ডারদের মূল্য বৃদ্ধিই নয়, বরং দেশের বিশেষায়িত ইস্পাত ও ফাস্টেনার শিল্পে চাহিদা পূরণ এবং রপ্তানি সম্ভাবনা বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে।
