ডেস্ক রিপোর্ট: নোয়াখালী জেলার চৌমুহনী থেকে বিদ্যমান রেললাইন বর্ধিত করে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হয়ে চাঁদপুর জেলার সঙ্গে রেল সংযোগ স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা।
শনিবার (১৯ অক্টোবর ) সকালে লক্ষ্মীপুর শহরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
ড. রেজাউল করিম বলেন, “লক্ষ্মীপুর জেলার প্রায় ২৫ লাখ মানুষ আজও রেল যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত। পাশের জেলা নোয়াখালী ও চাঁদপুরে রেল সংযোগ থাকলেও লক্ষ্মীপুর আজও রেলবিহীন। এ জেলায় রেললাইন স্থাপন হলে আঞ্চলিক অর্থনীতিতে গতি আসবে। জেলার কৃষিপণ্য পরিবহন সহজ হবে। শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এখানে অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা রয়েছে। এজন্য সমৃদ্ধ অর্থনৈতিক লক্ষ্মীপুর গড়তে রেল যোগাযোগ স্থাপনের দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, ১৯৭৩ সালে চৌমুহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রেললাইন স্থাপনের জন্য প্রথমবার মাঠ জরিপ পরিচালিত হয়। ঐ জরিপে কয়েকটি সম্ভাব্য স্টেশন শনাক্ত করা হয় এবং স্টেশনের সংখ্যা নির্ধারণ করা হয়।
পরবর্তীতে ২০১৪ সালের ২৭ আগস্ট লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে রেললাইন স্থাপনের দাবিতে রেল মন্ত্রণালয়ে একটি চাহিদাপত্র দাখিল করা হয় (ডিও নং–যোম/মামদ/২০১৪-৪৯১)। সে আবেদনের পর তৎকালীন রেলমন্ত্রী বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম (পূর্বাঞ্চলীয়) চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
“দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এ অঞ্চলের মানুষ রেল যোগাযোগ থেকে বঞ্চিত,” উল্লেখ করে তিনি বলেন, “জনস্বার্থে অবিলম্বে চৌমুহনী–লক্ষ্মীপুর–রায়পুর–চাঁদপুর রেল সংযোগ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নেতা এ আর হাফিজ উল্লাহ, মাওলানা নাছির উদ্দিন মাহমুদ, এডভোকেট আবুল ফারাহ নিশান, এডভোকেট রেজাউল ইসলাম খান সুমন, মাওলানা জহিরুল ইসলামসহ সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
