ডেস্ক রিপোর্ট: পপ তারকা টেলর সুইফট সাম্প্রতিক কয়েক মাস ধরে ভক্ত ও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ৩৫ বছর বয়সী এই গায়িকা সম্প্রতি মার্কিন ফুটবল তারকা ট্র্যাভিস কেলসের সঙ্গে আংটি বদল করেছেন এবং প্রকাশ করেছেন তাঁর নতুন অ্যালবাম দ্য লাইফ অব আ শোগার্ল—যা তাঁর সঙ্গীতের মাস্টার অধিকার পুনরুদ্ধারের পর প্রথম প্রকল্প।

এর মাঝেই ইন্টারনেটে ব্যাপক ছড়িয়ে পড়ে এক গুজব—টেলর নাকি সুপার বোল হাফটাইম শো-তে পারফর্ম করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বিষয়টি নিয়ে ভক্তদের কৌতূহল চরমে ওঠে। অবশেষে এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানালেন আসল কারণ।
সম্প্রতি টেলর সুইফট অংশ নেন জিমি ফ্যালনের জনপ্রিয় লেট–নাইট টকশো দ্য টুনাইট শো–তে, যেখানে তিনি তাঁর নতুন অ্যালবামের প্রচারণা করছিলেন। সাক্ষাৎকারের মাঝে উপস্থাপক জিমি ফ্যালন গায়িকাকে নিয়ে পাঁচটি সম্ভাব্য পরিস্থিতি তুলে ধরেন, যার মধ্যে একটি ছিল—“টেলর শোতে পারফর্ম করতে অস্বীকার করেছেন কারণ এনএফএল (ন্যাশনাল ফুটবল লিগ) তাঁকে ভিডিওর অধিকার দিতে চায়নি।”
যদিও এই কারণটি ভুল বলে প্রমাণিত হয়, টেলর যে সত্যিই সুপার বোলের মঞ্চে না বলেছিলেন—তা নিশ্চিত করেন তিনি নিজেই। তবে তাঁর অস্বীকৃতির পেছনে অধিকার ইস্যু নয়, ছিল ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও ভক্তদের সামনে বিষয়টি ব্যাখ্যা করেন এবং স্পষ্ট জানান যে আপাতত তাঁর ফোকাস নতুন সঙ্গীত ও অ্যালবাম প্রমোশনে।
টেলর সুইফটের এই খোলামেলা স্বীকারোক্তির পর সুপার বোল নিয়ে তৈরি জল্পনার অবসান ঘটেছে বলে মনে করছেন অনেকে। তবে ভক্তরা আশা রাখছেন, ভবিষ্যতে হয়তো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই মঞ্চে তাঁকে দেখা যেতে পারে।
আরো পড়ুন : টেলর সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’
