নিজস্ব প্রতিবেদক: খুলনার কয়রায় থানা পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক সেলিম হাওলাদার ৬নং কয়রা এলাকার মৃত এইচ এম শওকত হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ির ফ্রিজ থেকে হরিণের এই মাংস উদ্ধার ও তাকে আটক করা হয়।
কয়রা থানার এস আই তারিক মাহমুদ বলেন, নৌবাহিনী ও কয়রা থানা পুলিশের যৌথ অভিযানে ৬নং কয়রা গ্রামে সেলিম হাওলাদারের বাড়ি থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (১০ অক্টোবর) বন আইনে কয়রা থানায় মামলা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সুন্দরবন থেকে শিকার করে বিক্রয়ের জন্য এ মাংস ফ্রিজে রাখা হয়েছিল।
