সংগৃহীত ছবি
ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকার বিএনপিকে গোপনে ক্ষমতায় আনার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। তার মতে, চব্বিশের গণ-অভ্যুত্থানে শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষের অংশগ্রহণ দেশের রাজনীতিতে নতুন অধ্যায় তৈরি করেছে। পাশাপাশি এখন ইসলামপন্থীদের নেতৃত্বে একটি পরিবর্তনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু সরকার সেটি রোধ করে ভিন্ন পথে যাচ্ছে।
রেজাউল করীম বলেন, “৫৪ বছরের নির্বাচনী অপসংস্কৃতি থেকে বের হতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনই একমাত্র সমাধান।” তিনি অভিযোগ করেন, সরকার ঐকমত্যের আলোচনায় এ ব্যবস্থা অন্তর্ভুক্ত না করে জনগণের প্রত্যাশা উপেক্ষা করছে।
তিনি যোগ করেন, “বর্তমান সরকার বিএনপিকে চুপিসারে ক্ষমতায় বসানোর পরিকল্পনা করছে, কিন্তু জনগণ এখন সচেতন—তারা এমন প্রয়াস প্রতিহত করবে।”
এছাড়াও সমাবেশে সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম সামাজিক বৈষম্যের সমালোচনা করে বলেন, “এক শ্রেণি অতি ধনী আর অন্য শ্রেণি নিঃস্ব—এ পরিস্থিতি ইসলামী আন্দোলন মেনে নেবে না।”
