ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে শনিবার অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য “নবীনবরণ ২০২৫”। সদর উপজেলার বাগবাড়ির রোজগার্ডেন ভেন্যুতে নবীনবরণ, উপদেশমূলক বক্তব্য, ক্যারিয়ার গাইডলাইনসহ নানা আয়োজন উপভোগ করেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমণ্ডলি এবং অতিথিবৃন্দ।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে নবীনবরণের কার্যক্রম শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ। তিনি তার বক্তব্যে নবীনদের সঠিক শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবীনদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে কলেজের পরিচিতি, বৈশিষ্ট্য ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন প্রভাষক খাদিজা আক্তার মিতু, জান্নাতুল ফেরদাউস এবং নুসরাত জাহান। নবীনদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মাইশা আলম মেঘা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপিআই গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মাজহারুল ইসলাম। আরও ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুরের প্রধান সমন্বয়ক আরমান হোসেন। অতিথিরা নবীনদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন— সুশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলি চর্চা করতে হবে। তারা নবীনদের স্বপ্ন বড় করে দেখা ও ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের পরামর্শ দেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “সম্ভাবনার দ্বার” শীর্ষক বিশেষ আলোচনা। আলোচনায় অংশ নেন
এসপিআই গ্রুপের ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুয জহের। কলেজ পরিচালনা পর্ষদের সমন্বয়ক রবিউল হাসান, একাডেমিক কাউন্সিলর রাবেয়া সুলতানা এবং কলেজ প্রশাসক তৌয়বুর রহমান তুহিন।
অনুষ্ঠানে ইসলামি সঙ্গীত পরিবেশনা ছিলো চিত্তাকর্ষক পর্ব। এছাড়া “আমার স্বপ্ন, আমার কথা” শীর্ষক পর্বে নবীন শিক্ষার্থীরা রঙিন কার্ডে নিজেদের স্বপ্ন লিখে বোর্ডে ঝুলায়। এতে উঠে আসে ভবিষ্যতে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, উদ্যোক্তা ও দেশসেবক হওয়ার আকাঙ্ক্ষা।
পরে নবীন শিক্ষার্থীদের হাতে ওয়েলকাম কিট তুলে দেওয়া হয়। এতে কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা চিঠি, ব্রোশিওর, ক্লাস রুটিন ও ব্যাজ অন্তর্ভুক্ত ছিল। শেষে দোয়া, স্মৃতিচারণমূলক ফটোসেশন ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
