ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের লিমোজেস শহরের একটি জাতীয় জাদুঘরে ঘটে গেছে দুর্ধর্ষ চুরির ঘটনা। গত বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে চোরেরা জাদুঘরে ঢুকে প্রায় ৯৫ লাখ ইউরো মূল্যের দুইটি চীনামাটির ফুলদানি চুরি করে নিয়ে যায়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আদ্রিয়েন ডুবুচে ন্যাশনাল মিউজিয়াম থেকে এসব মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। পুলিশ জানায়, স্থানীয় সময় রাত প্রায় সোয়া ৩টার দিকে জাদুঘরের অ্যালার্ম বেজে ওঠে। এরপর কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে দেখে প্রদর্শনীর জন্য রাখা মূল্যবান সামগ্রী নেই।
পুলিশ সূত্রে জানা যায়, চুরি যাওয়া ফুলদানিগুলো স্থায়ী সংগ্রহের অংশ ছিল না; বরং ব্যক্তিগত এক সংগ্রাহকের কাছ থেকে অস্থায়ী প্রদর্শনীর জন্য ধার করা হয়েছিল। ফরাসি ম্যাগাজিন প্যারিস ম্যাচ জানিয়েছে, আন্তর্জাতিক শিল্প চোরচক্রের সঙ্গে এ ঘটনার যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে এবং জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি ছিল কি না তা পর্যালোচনা করা হচ্ছে।
