ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, দেশে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম ৩ হাজার ৪৪ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির মূল্য এখন ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা। এর আগে, ৩ সেপ্টেম্বর (বুধবার) এক ভরি স্বর্ণ ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকায় বিক্রি হয়েছে। নতুন এই মূল্য ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে কার্যকর হবে।
বাজুস আরও জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দামে, ২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।
