গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে ফারিয়া তাছনিম জ্যোতি (৩২) নামের এক নারীর মৃত্যুর ঘটনায় হাইকোর্ট ৯০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) জনস্বার্থে দায়ের করা ব্লাস্টের রিটের শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালত স্থানীয় সরকার সচিব, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। একইসাথে কেন ড্রেন রক্ষণাবেক্ষণে ব্যর্থতাকে বেআইনি ঘোষণা করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এবং দেশের সব খোলা ড্রেন ও ম্যানহোলে ঢাকনা ও সতর্কতা চিহ্ন স্থাপনের নির্দেশ দেওয়া হবে না— তা জানতে রুল জারি করেছেন।
উল্লেখ্য, গত ২৭ জুলাই রাতে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হন তাছনিম জ্যোতি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা ৩৭ ঘণ্টার অভিযান শেষে তার মরদেহ শালিকচূড়া বিল থেকে উদ্ধার করে।
