মোঃ আসাদ রহমান, ঢাকাঃ হাবীবুল্লাহ বাহার কলেজে স্বৈরাচারী আচরণ ও দুর্নীতির অভিযোগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মোক্তাদিরের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, মুহাম্মদ মোক্তাদির দীর্ঘদিন ধরে কলেজের সবকিছু নিজের নিয়ন্ত্রণে রেখে প্রভাব বিস্তার করছেন। গত ৫ থেকে ৭ বছরে তিনি প্রায় ৫০ কোটি টাকা লুটপাট করেছেন বলেও দাবি করেন তারা। বিশেষ করে, ওয়ার্ল্ড ব্যাংকের সিডিপি প্রকল্পের প্রায় ৪ কোটি টাকা ভুয়া ক্রয়ের মাধ্যমে বালিশ কেলেঙ্কারির মতো আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এর আগে গত ১৫ মে শিক্ষার্থীরা একই দাবিতে প্রতিবাদ মিছিল করেছিলেন। তবে অভিযোগ ও ক্ষোভ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, আওয়ামী শাসনামলে মোক্তাদিরের অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানালে তাদেরকে সরকারবিরোধী হিসেবে প্রচার করা হয়। এমনকি প্রভাব খাটিয়ে কয়েকজনকে কলেজ ছাড়তে ও দেশত্যাগে বাধ্য করা হয়েছে। অভিযোগে বলা হয়, এই প্রভাব বিস্তারের ক্ষেত্রে শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লার নাম ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, মুহাম্মদ মোক্তাদির ডা. আব্দুল্লার আপন ভাতিজা।
শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এত অভিযোগ ও দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও বর্তমান প্রশাসন অজানা কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
