২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে ব্যবহৃত ‘দাঁড়িপাল্লা’র ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জ্ঞানের পিরামিডের চারটি স্তর উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞার নাম থাকবে, তবে কোনো স্তরেই প্রতীক বা আইকন ব্যবহার করা হবে না।রোববার এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান প্রথম আলোকে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, চলতি বছর বইটি এভাবেই প্রকাশ করা হবে। পরের বছর বিষয়বস্তু আরও পরিমার্জন করা হবে, যাতে কোনো ভুল তথ্য না থাকে।এর আগে বৃহস্পতিবার রাতে বইটির ছাপার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল এনসিটিবি। মাঠপর্যায়ে চলে যাওয়া বইগুলো থেকে সংশ্লিষ্ট পৃষ্ঠা পরিবর্তনের উদ্যোগও নেওয়া হয়।
পুরো বই নতুন করে ছাপানোর পরিবর্তে জ্ঞানের পিরামিডের পৃষ্ঠায় পরিমার্জিত নতুন পৃষ্ঠা যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এতে সময় ও ব্যয় কমানো সম্ভব হবে।২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের প্রায় ৩৮ লাখ কপি ছাপানো হচ্ছে, যার বেশির ভাগই ইতিমধ্যে ছাপা হয়েছে। বইটিতে উপাত্ত বোঝাতে বৃত্তাকার প্রতীক, তথ্যের জন্য পরমাণু বা নেটওয়ার্কের মতো প্রতীক, জ্ঞানের জন্য মস্তিষ্ক এবং প্রজ্ঞার জন্য দাঁড়িপাল্লার ছবি ব্যবহার করা হয়েছিল।আগের শিক্ষাবর্ষের বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে মানুষের মস্তিষ্কের ছবি ছিল।
২০২৭ শিক্ষাবর্ষের বইয়ে দাঁড়িপাল্লার ছবি ফিরে আসার পর বিতর্ক সৃষ্টি হয়। সেই বিতর্কের পর এবার প্রতীক বাদ দিয়ে বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি।
