
আগামী ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত শুরু হচ্ছে। পর্যটন মৌসুম চলবে ১৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপটিতে যেতে পারবেন।
প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি।১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে।
নির্দেশনা অনুযায়ী, পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদপ্তর সেন্ট মার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল করবে।
পরিবেশ সংরক্ষণ ফি আদায়ে পরিবেশ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনাও বহাল থাকবে।পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে গত বছর সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত সীমিত করা হয়েছিল। সে সময় নভেম্বরে দ্বীপে রাত্রিযাপনের সুযোগ ছিল না।
ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক ভ্রমণ ও রাত্রিযাপনের সুযোগ পেয়েছিলেন।এর আগে টেকনাফ থেকে প্রতিদিন একাধিক জাহাজে পাঁচ থেকে ছয় হাজার পর্যটক সেন্ট মার্টিনে যেতেন।
তবে মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাত, নাফ নদীতে বাংলাদেশি নৌযানে গুলিবর্ষণ এবং অপহরণের ঘটনার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।
