
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস সংস্কারকাজ নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। ওহাইওর ক্লিভল্যান্ডে ডেমোক্রেটিক পার্টির এক নির্বাচনি জনসভায় তিনি ট্রাম্পের বিভিন্ন অবকাঠামোগত পরিবর্তন ও বিলাসবহুল সাজসজ্জার সমালোচনা করেন।
ওবামা বলেন, ট্রাম্প হোয়াইট হাউসের সংস্কারকাজে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি হোয়াইট হাউসের চেয়েও বড় বলরুম নির্মাণ, রোজ গার্ডেন পাকা করা এবং সেখানে হেলিকপ্টার অবতরণের জায়গা তৈরির প্রসঙ্গ তুলে ধরেন। ভবনের বিভিন্ন অংশে সোনার ব্যবহার নিয়েও রসিকতা করেন তিনি।
এরপর ট্রাম্পের সংস্কার করা হোয়াইট হাউসের সঙ্গে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের প্রাসাদের তুলনা টেনে ওবামা বলেন, জায়গাটি দেখে মনে হচ্ছে, সাদ্দাম হোসেন যেন একটি চিজকেক ফ্যাক্টরি খুলেছেন, যেখানে চারদিকে শুধু সোনা।আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক প্রার্থী অ্যামি অ্যাকটন ও শেরোড ব্রাউনের পক্ষে প্রচার চালানোর সময় এসব মন্তব্য করেন ওবামা। হোয়াইট হাউসের সংস্কারের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ নীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক চাপ নিয়েও তাঁর বক্তব্য নির্বাচনি প্রচারে রাজনৈতিক বিতর্কের অংশ হয়ে উঠেছে।
