
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে বলে দাবি করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আইওয়া অঙ্গরাজ্যের সিউ সিটিতে এক নির্বাচনি সমাবেশে তিনি বলেন, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা তাঁর সঙ্গে প্রতারণা করেছিল। এ কারণে তাঁর আবারও নির্বাচনে দাঁড়ানোর অধিকার রয়েছে বলে তিনি মনে করেন।ট্রাম্প মার্কিন সংবিধানের ২২তম সংশোধনীতে প্রেসিডেন্টের তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কথা স্বীকার করেন। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, ২০২০ সালের নির্বাচনে জয় তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। নির্বাচনে জালিয়াতির এ অভিযোগের পক্ষে তিনি নতুন কোনো প্রমাণ উপস্থাপন করেননি।এর আগেও ট্রাম্প একাধিকবার তৃতীয় মেয়াদে নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর অফিশিয়াল স্টোরে ‘ট্রাম্প ২০২৮’ লেখা ক্যাপও বিক্রি করা হয়েছে। তবে সহযোগীরা তাঁর বক্তব্যকে কৌতুক হিসেবে ব্যাখ্যা করেছেন। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনও বলেছেন, ট্রাম্পের তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে সংবিধান সংশোধনের সম্ভাবনা তিনি দেখছেন না।ট্রাম্পের বক্তব্য ঘিরে তাঁর বিরোধীদের মধ্যে উদ্বেগ রয়েছে। এদিকে আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন তিনি। তবে তাঁর এই প্রচার কৌশল কতটা কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়।
