বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো জাতীয় বিতর্ক উৎসব ও অভিযাত্রী বিজ্ঞানমেলা ২০২৬।
নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, ঢাকা মহানগরী অভিযাত্রী শাখার দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব ও অভিযাত্রী বিজ্ঞানমেলা ২০২৬।
ফুলকুঁড়ি আসর, ঢাকা মহানগরী অভিযাত্রী শাখার ডিবেট উইং অভিযাত্রী স্কুল অব ডিবেট ও অভিযাত্রী বিজ্ঞান চক্র যৌথভাবে এ আয়োজন করে।
শাখা সহকারী পরিচালক নাহিদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এবং শাখা পরিচালক আব্দুল মুমিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম (আরমান)। বিশেষ অতিথি ছিলেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের সিএফও জসিম উদ্দিন এফসিএ।
আয়োজনের প্রথম দিন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় আন্তঃস্কুল জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬, যা পাওয়ার্ড বাই ছিল পূবালী ব্যাংক। দেশব্যাপী স্কুল শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্ব, গবেষণামনস্কতা ও সৃজনশীল চিন্তার বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ৩২টি স্কুলের বিতর্ক দল অংশ নেয়।
আয়োজনের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় অভিযাত্রী বিজ্ঞানমেলা ২০২৬। বিজ্ঞানমনস্কতা, নেতৃত্ব, গবেষণার আগ্রহ ও সৃজনশীল চিন্তার বিকাশের লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলায় দেশের ৫০টি স্কুল অংশগ্রহণ করে।
দিনব্যাপী বিজ্ঞানমেলায় শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রদর্শনী উপস্থাপন করে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমও পরিচালিত হয়।
দুই দিনব্যাপী আয়োজনের সমাপনী পর্বে অতিথিদের বক্তব্য, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, বিজ্ঞানমনস্কতা, নেতৃত্ব, গবেষণার আগ্রহ ও সৃজনশীল চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’—এই স্লোগানকে ধারণ করে ফুলকুঁড়ি আসর দেশব্যাপী শিক্ষা ও শরীরচর্চামূলক পাঁচটি বিভাগ নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।
