ডেস্ক রিপোর্ট: ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়া রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে তিনটি শর্ত সাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের দাখিলকৃত আপিল ও অধিকতর বিবরণী পর্যালোচনার জন্য গঠিত তদন্ত কমিটিকে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের পূর্বের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
হাসপাতালটি পুনরায় চালুর ক্ষেত্রে যে তিনটি শর্ত দেওয়া হয়েছে, তা হলো—
১. দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন অব্যাহত রাখতে হবে।
২. লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩. লাইসেন্সের শর্তাবলি প্রতিপালনে ব্যর্থ হলে সরকার-নির্ধারিত কর্তৃপক্ষ যেকোনো সময় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
