ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক কর্মসূচি বাস্তবায়নে একটি ঐতিহাসিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানিয়েছে, শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা বিষয়ক এ চুক্তির মাধ্যমে সৌদি আরবের পারমাণবিক জ্বালানি কর্মসূচিতে মার্কিন কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। তবে চুক্তির পূর্ণাঙ্গ পাঠ এখনো প্রকাশ করা হয়নি।
চুক্তির পাশাপাশি দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানিয়েছে, দুটি চুক্তি মিলিয়ে কয়েক দশকব্যাপী বহু বিলিয়ন ডলারের অংশীদারত্বের আইনি ভিত্তি তৈরি হয়েছে, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধসহ বিভিন্ন অর্থনৈতিক ও কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।
সৌদি সরকার জানিয়েছে, এ চুক্তি দুই দেশের জ্বালানি খাতে বিদ্যমান সহযোগিতার সম্প্রসারণ। গত বছরের নভেম্বরে সৌদি যুবরাজের ওয়াশিংটন সফরের পর এ বিষয়ে আলোচনা এগিয়ে যায়।
মার্কিন গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ভবিষ্যতে এ চুক্তির আওতায় সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হতে পারে। সমৃদ্ধ ইউরেনিয়াম বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হলেও তা পারমাণবিক অস্ত্র তৈরিতেও ব্যবহারযোগ্য।
চুক্তিটি এমন সময়ে স্বাক্ষরিত হলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সূত্র: বিবিসি।
