ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থী বিক্ষোভকারীদের ওপর পুলিশের অভিযানের প্রতিবাদে ভারতের বিরোধী দলগুলো আন্দোলন জোরদার করেছে। এ পরিস্থিতিতে কংগ্রেস নেতা ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন। একই সঙ্গে তিনি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের কয়েকজন নেতাকে দিল্লি পুলিশ আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
আটকের পর প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী পাঁচটি দাবি জানান। এগুলো হলো— স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অভিযানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা প্রার্থনা, বিষয়টি সংসদে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি এবং দ্রুত শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার।
রাহুল গান্ধী বলেন, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার ব্যয় বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার সংকট নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন তোলার অধিকার রয়েছে। তিনি এ বিষয়গুলো নিয়ে সংসদের উভয় কক্ষে আলোচনারও দাবি জানান।
এদিকে, প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, সরকার নিট পরীক্ষা ও চলমান আন্দোলনসহ সব বিষয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত। তবে তিনি রাহুল গান্ধীর অবস্থানকে গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেন।
অন্যদিকে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেন, কংগ্রেস রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষার্থীদের ব্যবহার করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সরকার আলোচনা করতে প্রস্তুত থাকলেও কংগ্রেস সংলাপের পরিবর্তে রাজনৈতিক নাটককে বেছে নিয়েছে।
সূত্র: এনডিটিভি
