ডেস্ক রিপোর্ট: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে বড় পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে বেঞ্চে রেখেও ম্যাচ শুরু হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা চলছে।
বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচের বিজয়ী দল ফাইনালে স্পেনের বিপক্ষে খেলবে।
স্কালোনি জানিয়েছেন, প্রতিপক্ষের কৌশল বিবেচনায় একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, দলের সেরা খেলোয়াড়দের নিয়েই মাঠে নামবেন এবং সবাই ভালো অবস্থায় রয়েছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মাঝমাঠে পরিবর্তনের সম্ভাবনাই সবচেয়ে বেশি। ডি পলের পরিবর্তে নিকোলাই গঞ্জালেস কিংবা জিউলিয়ানো সিমিওনেকে সুযোগ দেওয়া হতে পারে। তাদের গতি ও রক্ষণে সহায়তার সক্ষমতাকে গুরুত্ব দিচ্ছেন কোচ।
এছাড়া তিন সেন্টারব্যাক নিয়ে ৩-৫-২ ফরমেশনও অনুশীলনে পরীক্ষা করেছেন স্কালোনি। এই ছকে মাঝমাঠে পারেদেস, এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টার এবং আক্রমণে লিওনেল মেসির সঙ্গে হুলিয়ান আলভারেসকে দেখা যেতে পারে।
রাইটব্যাক পজিশনেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাহুয়েল মোলিনা ও গঞ্জালো মন্তিয়েলের মধ্যে একজনকে একাদশে রাখা হতে পারে।
ডি পল নিজেও জানিয়েছেন, তিনি এখনো জানেন না প্রথম একাদশে থাকবেন কি না। তবে আর্জেন্টিনা শিবিরের ইঙ্গিত, সম্ভাব্য পরিবর্তনটি কোনো খেলোয়াড়ের পারফরম্যান্সের কারণে নয়; বরং ইংল্যান্ডকে মোকাবিলার বিশেষ কৌশলের অংশ।
