ডেস্ক রিপোর্ট: প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এসব পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার অভিন্ন প্রশ্নপত্রে নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষা দিতে পারবেন।
বুধবার জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। তিনি বলেন, বিশেষ পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তবে ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও কিছু পরীক্ষার্থী বন্যা, অতিবৃষ্টি ও অনিবার্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাদেরও একই প্রশ্নপত্রে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের ঘটনায় দায়ীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ওই বিষয়ের ৬ ও ৭ নম্বর প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে বলে তিনি জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং মূল্যায়নে ন্যায়বিচার নিশ্চিত করতেই সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।
