ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রাথমিক পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রায় ১০০ কোটি ডলারের ‘টিম গাজা ইনিশিয়েটিভ’ চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রাসেলসে অনুষ্ঠিত ফিলিস্তিন দাতা গোষ্ঠীর দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।
ইউরোপীয় কমিশনের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, অংশীদার দেশ ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ৬৫টি প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকে গাজার পুনর্গঠন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
ইইউ জানিয়েছে, এই উদ্যোগে অর্থায়ন করছে ইউরোপীয় কমিশন, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি), বিশ্বব্যাংক এবং ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশ। অস্ট্রেলিয়া ও কানাডাও এ উদ্যোগে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
প্রকল্পের আওতায় গাজার নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, জ্বালানি খাত, কৃষি, খাদ্যনিরাপত্তা এবং ধ্বংসস্তূপ অপসারণসহ জরুরি পুনরুদ্ধার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বেসামরিক জনগণের জন্য প্রয়োজনীয় সেবা দ্রুত চালু করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ ছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সহায়তা দিতে ইইউর পেগাস কর্মসূচির আওতায় ৪১ দশমিক ৭ মিলিয়ন ইউরোর নতুন অনুদান চুক্তি স্বাক্ষর করা হয়েছে। পাশাপাশি ২০২৬ ও ২০২৭ সালের জন্য আরও ৩১০ মিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় কমিশন।
ইইউর ভাষ্য, আন্তর্জাতিক অংশীদারদের সমন্বয়ে গাজার পুনর্গঠন কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
