ডেস্ক রিপোর্ট: আগামী ১ আগস্ট থেকে জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ১৫ মাস বয়সী শিশুদের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া শুরু হবে। শিশুদের টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে এই টিকা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে দেশের সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।
অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫ সালের জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের সাফল্যের ভিত্তিতে এবং জাতীয় টিকাদান কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী নিয়মিত টিকাদান কর্মসূচিতে এই টিকা যুক্ত করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ১৫ মাস বয়সী সব শিশুকে ইপিআইয়ের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। একই দিনে এমআর-২ টিকার সঙ্গেও এই টিকা দেওয়া যাবে।
মাঠপর্যায়ে লক্ষ্যমাত্রাভুক্ত শিশুদের শনাক্ত, টিকার চাহিদা নির্ধারণ এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকাদান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের তথ্য ইপিআই অ্যাপে নিবন্ধন ও হালনাগাদের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে এবং মাল্টিডোজ ভায়াল নীতিমালা অনুসরণ করে ব্যবহার করতে হবে। এছাড়া অভিভাবকদের সচেতন করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও কমিউনিটি নেতাদের সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
