ডেস্ক রিপোর্ট: ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামে টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কাজল আক্তার (৩০) দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ির বাসিন্দা এবং কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা টিনের চাল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে কাজল আক্তারের হাত-পা বেঁধে মুখে টেপ পেঁচিয়ে দেয়। সকালে মাথায় আঘাতের চিহ্নসহ তাকে ঘরের ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার সময় তার তিন বছর বয়সী সন্তান ঘরেই ছিল। অপর দুই সন্তান স্থানীয় একটি হেফজ মাদরাসায় অবস্থান করছিল।
স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
