ডেস্ক রিপোর্ট: আজ ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়। এ দিন মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান-সদকা এবং জিকির-আসকারের মাধ্যমে দিনটি পালন করে থাকেন।
‘আশুরা’ শব্দটি আরবি ‘আশারা’ থেকে এসেছে, যার অর্থ দশ। আর ‘মহররম’ অর্থ সম্মানিত। ইসলামের ইতিহাসে এ দিনটি বিশেষ মর্যাদাপূর্ণ হলেও হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার মর্মান্তিক ঘটনার কারণে এটি গভীর শোকের দিন হিসেবে স্মরণীয় হয়ে আছে।
ইতিহাস অনুযায়ী, ইরাকের কারবালা প্রান্তরে ফোরাত নদীর তীরে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্য ও সঙ্গীরা শাহাদত বরণ করেন। তাঁদের আত্মত্যাগ ইসলামের আদর্শ, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদা রক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে যুগে যুগে অনুপ্রেরণা জুগিয়ে আসছে।
পবিত্র আশুরা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিশেষ ধর্মীয় কর্মসূচি পালন করা হচ্ছে। শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দিনটির তাৎপর্য তুলে ধরে মসজিদ, ইমামবাড়া ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
