নিজস্ব প্রতিবেদক: সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর সাভার উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সংগঠক সেঁজুতি হোসাইন।
গত ১৪ জুন সংগঠনটির সাভার উপজেলা কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের দিকনির্দেশনায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সেঁজুতি হোসাইন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ঢাকা জেলার সাভারের বাসিন্দা এবং জুলাইযোদ্ধা হওয়ার পাশাপাশি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে স্থানীয়ভাবে পরিচিতি অর্জন করেছেন। এছাড়া তিনি বর্তমানে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ আন্দোলন’-এর ঢাকা জেলা সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় সেঁজুতি হোসাইন বলেন, জনগণের অধিকার ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তিনি সবসময় কাজ করার চেষ্টা করেছেন। নিরাপদ সড়ক চাই-এর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলেও তিনি জানান।
তিনি বলেন, “নিরাপদ সড়ক প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। এ লক্ষ্যে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা রাখতে চান।
স্থানীয় সংগঠকরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে সেঁজুতি হোসাইন সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
