ডেস্ক রিপোর্ট: খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় রাশিকুল আনাম রাশু (৩৫) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুরস্থ কেডিএ কল্পতরু মার্কেটে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় এসব তথ্য জানান।
নিহত রাশিকুল আনাম রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। কিছুদিন ধরে তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে জানা যায়। পাশাপাশি তিনি কল্পতরু মার্কেটে ইট, বালি ও সিমেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় রাশু তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। একটি গুলি রাশুর মাথায় বিদ্ধ হয়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন রাশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাশুকে মৃত ঘোষণা করেন।
রাশু হত্যার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে নিহতের স্বজন, বন্ধু-বান্ধব এবং দলীয় নেতাকর্মীরা ছুটে আসেন। এসময় স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
