নিজস্ব প্রতিবেদক: ছেলেকে সন্ত্রাসীর হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজেই নির্মম হামলার শিকার হয়েছেন এক মা। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হোগলডহরী গ্রামে।
ভুক্তভোগী ওই নারীর নাম মিনু বেগম। তিনি কিশোর দিনমজুর শিহাবের মা।
অভিযোগ রয়েছে, স্থানীয় মো. রশিদ (৪৫), মৃত আমিন ডিলারের ছেলে, শিহাব ও তার মায়ের ওপর নৃশংস হামলা চালান।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, শিহাব দীর্ঘদিন ধরে রশিদের ইরি সেচ স্কিমে কাজ করে আসছিল। চলতি মৌসুমে অন্য কাজে যুক্ত হওয়ার সিদ্ধান্ত জানালে এতে ক্ষুব্ধ হয়ে রশিদ শিহাবকে মারধর শুরু করেন। একপর্যায়ে ছেলেকে বাঁচাতে মা মিনু বেগম এগিয়ে এলে তাকেও কিল-ঘুষি ও লাঠির আঘাতে রক্তাক্ত করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সংঘটিত এ ঘটনায় মিনু বেগম গুরুতর আহত হন। পরে এলাকাবাসীর সহায়তায় রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিহাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করলেও ঘটনার পর থেকে এখনো পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন ভুক্তভোগীরা।
এদিকে মিনু বেগম ও তার ছেলে শিহাব অভিযোগ করে বলেন, ঘটনার পরও অভিযুক্ত রশিদ তাদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী মিনু বেগম বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকে অবহিত করে প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনার সঠিক বিচার না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
