রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা ইউনূস
ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র বাস্তব ও টেকসই সমাধান।
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএনএইচসিআরের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জাতিসংঘের শরণার্থী সংস্থাকে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।
বৈঠকে রোহিঙ্গা শিবিরে আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয় এবং শরণার্থীদের স্বনির্ভরতা ও জীবিকাভিত্তিক সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘদিন শিবিরে অবস্থান কোনো স্থায়ী সমাধান নয় এবং এতে স্থানীয় জনগণের সঙ্গে উত্তেজনা তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, সমস্যার উৎপত্তি মিয়ানমারে—সমাধানও সেখান থেকেই আসতে হবে। হতাশ তরুণ প্রজন্মের ভবিষ্যৎ বিবেচনায় দ্রুত আন্তর্জাতিক উদ্যোগ জোরদার করা জরুরি। বৈঠকে ভাসানচরের পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়েও আলোচনা হয়।
